Thursday, July 16, 2015

পুলিশের সঙ্গে ঈদের নামাজ পড়বেন ক্রিকেটাররা

চট্টগ্রাম সফররত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মুসলিম সম্প্রদায়ের ক্রিকেটাররা নগরীর দামপাড়ায় পুলিশ লাইন মাঠে ঈদের নামাজ আদায় করবেন। নগর পুলিশ ক্রিকেটারদের সেখানে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করেছে।
ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ৮টায় দামপাড়ায় পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ সর্বস্তরের পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের নামাজ আদায়ে শরিক হবেন ক্রিকেটাররা।
সিএমপি কমিশনার মোহা. আব্দুল জলিল মন্ডল বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
সিএমপি কমিশনার বলেন, ঈদুল ফিতরের সময় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সদস্যরা চট্টগ্রামে অবস্থান করবেন। এদের মধ্যে যারা মুসলিম সম্প্রদায়ের তাদের আমরা পুলিশ লাইন মাঠে আমাদের সঙ্গে নামাজ আদায়ের আমন্ত্রণ জানিয়েছি। এজন্য এবার পুলিশ লাইন মাঠে ঈদের জামাতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সঙ্গে ২১ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত টেস্ট ম্যাচের সময় নির্ধারিত আছে।
বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে আছেন ‍মুশফিকুর রহমান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসাইন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসাইন, রুবেল হোসাইন, মোহাম্মদ শহীদ এবং মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটারের মধ্যে দু’জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, হাশিম আমলা ও ইমরান তাহির।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহীদুর রহমান বাংলানিউজকে বলেন, বাংলাদেশ টিমের সব ক্রিকেটার নামাজ আদায় করবেন বলে আমরা নিশ্চিত হয়েছি। দক্ষিণ আফ্রিকার তিনজন ক্রিকেটার এবং ৮-৯ জন কর্মকর্তা নামাজ আদায় করবেন বলে তাদের পক্ষ থেকে আমাদের ‍জানানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট ও একদিনের ম্যাচে অংশ নিতে ১৩ জুলাই চট্টগ্রামে আসেন ক্রিকেটাররা।

No comments:

Post a Comment